আ.লীগ ফিরলে সবচেয়ে বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুর
নিজস্ব প্রতিবেদক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে সবচেয়ে বেশি বিপদে পড়বে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—এমন মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় বিরোধীদলের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর অভিযোগ করেন, আওয়ামী লীগের অনেক নেতা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাঁদের মিল-কারখানা ও ব্যবসা-বাণিজ্য অন্যরা দেখভাল করছেন। সরকারি দলের কিছু ব্যক্তি এসব ব্যবসা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সুবিধা নিচ্ছেন। এসব ব্যবসার মুনাফা শ্রমিক অধ্যুষিত এলাকায় উসকানি ও অস্থিরতা তৈরিতে ব্যয় করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
গার্মেন্টস খাত ধ্বংস এবং বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে—বিদেশে এমন বার্তা পৌঁছে দিতে পরিকল্পিতভাবে কৃত্রিম অস্থিরতা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন প্রতিমন্ত্রী। এর পেছনে পতিত আওয়ামী লীগ সরকারের লোকজনের অর্থায়ন রয়েছে দাবি করে তিনি বলেন, গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, শুধু গাজীপুরেই এ ধরনের কর্মকাণ্ডে ১০০ কোটি টাকা অর্থায়ন করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের স্বীকারোক্তির বরাত দিয়ে নুর দাবি করেন, অতীতে ক্ষমতার অপব্যবহার করে লুটপাট চালানো আওয়ামী লীগের লোকজনের অর্থায়ন ও উসকানিতে কারখানা বন্ধের ষড়যন্ত্র চলছে। এসব কর্মকাণ্ডে কেউ আশ্রয় বা সহযোগিতা করলে তাদের বিরুদ্ধেও অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টিতেও এসব অর্থ ব্যয় করা হচ্ছে বলে অভিযোগ করেন নুর।
সরকারি দরপত্র প্রসঙ্গে তিনি বলেন, নির্মাণকাজ ও সরকারি টেন্ডারে পুরোনো অভিজ্ঞতার শর্তের কারণে এখনো ৮০ শতাংশ কাজ আওয়ামী লীগের লোকজন পাচ্ছেন। এতে নতুন উদ্যোক্তারা সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। নতুন ব্যবসায়ীদের সুযোগ দিতে পাবলিক প্রকিউরমেন্ট আইন সংশোধন করা হয়েছে উল্লেখ করে সবাইকে দরপত্রে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সমমনা জোটের মুখপাত্র এস এম শাহাদাত। বক্তব্য দেন জোটের প্রধান সমন্বয়কারী ব্যারিস্টার নাসিম খানসহ অন্যরা।
আ.দৈ/আরএস




















