‘দেশে ফিরলে হাসিনাকে ফুল দিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যাব’: হাসনাত
নিজস্ব প্রতিবেদক

শেখ হাসিনা দেশে ফিরলে তাকে ‘ওয়েলকাম’ জানিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যা হচ্ছে, সবই নাটক।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এনসিপির মোটরসাইকেল র্যালিতে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
হাসনাত বলেন, ‘আসতে বলেন তাকে—আমরা তো চাই উনি ফেরত আসুক। ফেরত আসলে উনার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে। এখন এগুলো যা হচ্ছে, সব নাটক।’
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে নানা আলোচনা ও সীমান্তে নজরদারির প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসবের মাধ্যমে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের উজ্জীবিত করার চেষ্টা হচ্ছে। তার ভাষায়, দেশে ফেরার বিষয়ে বিমান, গাড়ি ও সীমান্ত নিয়ে যেসব আলোচনা হচ্ছে, সেগুলো ‘মিডিয়া স্টান্টবাজি’। তবে শেখ হাসিনা ফিরলে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হবে বলেও মন্তব্য করেন তিনি।
ঐক্যের বিষয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, শীতকালীন, গ্রীষ্মকালীন বা শরৎকালীন কিংবা শুধু ডিসেম্বরকেন্দ্রিক ঐক্য দীর্ঘস্থায়ী হতে পারে না। দেশের স্থিতিশীলতা, অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলার উন্নয়নে প্রয়োজন স্থায়ী ঐক্য।
তিনি বলেন, গণরায়, গণভোট ও সংস্কারের ভিত্তিতে রাষ্ট্রের ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন ও শক্তিশালী করতে হবে। তাহলেই ঐক্যের ভিত্তি সুদৃঢ় হবে।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক এবং আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে হাসনাত বলেন, ৫ আগস্টেই আওয়ামী লীগের পরাজয় চূড়ান্ত হয়েছে। সাম্প্রতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে দলটির ফ্যাসিবাদী ও গণবিমুখ চরিত্র আরও প্রকাশ পাচ্ছে বলে তিনি দাবি করেন।
ভারতের ভূমিকা নিয়েও কথা বলেন এনসিপির এই নেতা। তিনি অভিযোগ করেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে ভারতীয় আধিপত্যবাদ ভূমিকা রাখছে। তবে ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক, সামাজিক ও ব্যবসায়িক সম্পর্ক ভালো রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।
হাসনাত জানান, সরকার নতুন করে ঐক্যের যে আহ্বান জানিয়েছে, তার প্রেক্ষাপটে তারা জানতে চেয়েছেন—ভারতের ভূমিকা নিয়ে সরকার কী ভাবছে এবং গণভোটের রায় বাস্তবায়নে তাদের পরিকল্পনা কী।
আ.দৈ/আরএস




















