সাঈদ খোকন ফের ৫দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতন ও সরকারি চাকরিতে দলীয় করনের প্রতিবাদে বৈষম্যবিরোধী আন্দোলনকালে ২০২৪ সালে রাজধানীর ধানমন্ডির জিগাতলায় কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে ফের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ আদেশ দেন।ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হারুন অর রশীদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাঈদ খোকনকে সাতদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক। মঙ্গলবার আদালতে তার উপস্থিতিতে এ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।
গত ১৭ নভেম্বর এ মামলায় সাঈদ খোকনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। ওইদিন সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে এসআরবি। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার মিছিলে গুলিবিদ্ধ হয়ে মারা যায় কিশোর আবদুল মোতালিব।
এ ঘটনায় নিহতের বাবা আব্দুল মতিন ওই বছরের ২৬ আগস্ট ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। সাঈদ খোকন এ মামলার এজাহারনামীয় ২৯ নম্বর আসামি।
আ. দৈ./একে




















