কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান
নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা প্রদানে হয়রানি, কার্ডিওলজি বিভাগে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার নামে বিনা রশিদে অর্থ আদায় ও আত্মসাৎ, ওষুধের মজুতে গরমিল এবং অতিরিক্ত মূল্যে চিকিৎসাসামগ্রী ক্রয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার (২৫ নভেম্বর) দুদকের কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিমের সদস্যরা প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা ও সহকারী পরিচালক মো. তানজির আহমেদ গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি আরো জানান, অভিযানকালে এনফোর্সমেন্ট টিমের সদস্যরা ছদ্মবেশে হাসপাতালের বিভিন্ন বিভাগ ও সেবাকেন্দ্রের কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং রোগী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ করে।
প্রাথমিক পর্যবেক্ষণে কার্ডিওলজি বিভাগের ইসিজি ও ইকো পরীক্ষার ফি আদায় এবং সেবা প্রদানে ব্যাপক অনিয়মের চিত্র পাওয়া যায়। ইকো পরীক্ষার ফি আদায়ের ক্ষেত্রেও যথাযথ রেজিস্টার এন্ট্রি না করার প্রমাণ পাওয়া যায়; এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।
এছাড়া, ইকো কার্ডিও রুমে সংশ্লিষ্ট মেডিকেল টেকনোলজিস্ট ও মেডিকেল টেকনিশিয়ানের বিরুদ্ধে নির্ধারিত ফি'র অতিরিক্ত ১০০ থেকে ৩০০ টাকা আদায়ের মাধ্যমে তাৎক্ষণিক পরীক্ষা-নিরীক্ষার সুযোগ দেওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। সাধারণ রোগীদের পরীক্ষার তারিখ দুই থেকে চার দিন পর নির্ধারণ করা হলেও অতিরিক্ত অর্থ প্রদানকারীদের তাৎক্ষণিক সেবা দেওয়া হতো বলে জানা যায়।
অপর অভিযোগের বিষয়ে হাসপাতালের ১৩৮ নম্বর বহির্বিভাগ ওষুধ বিতরণ কেন্দ্র পরিদর্শনকালে স্টক রেজিস্টার যথাসময়ে হালনাগাদ না করার প্রবণতা এবং বাস্তব মজুতের সঙ্গে রেজিস্টারের গরমিল পাওয়া যায়। একইভাবে কেন্দ্রীয় স্টোরে দায়িত্বপ্রাপ্ত স্টোর কিপারের উপস্থিতিতে ওষুধের মজুত যাচাই করে রেজিস্টারের সঙ্গে বাস্তব মজুতের গরমিল পাওয়া যায়।
এছাড়া, সরবরাহকৃত কয়েকটি ওষুধের প্যাকেটে ‘সরকারি সম্পত্তি, ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয়’ মর্মে চিহ্ন বা সিল না থাকায় সেগুলো বাহিরে বিক্রি করা হওয়ার সুযোগ রয়েছে মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়। অভিযানকালে বিভিন্ন পণ্য ও চিকিৎসা সামগ্রীর সরবরাহকৃত পণ্যের ক্রয়মূল্য যাচাইয়েও উল্লেখযোগ্য অসংগতি পরিলক্ষিত হয়।
সংশ্লিষ্ট চালান পর্যালোচনায় দেখা যায়, কয়েকটি পণ্য বাজারমূল্য বা গায়ে মুদ্রিত খুচরা মূল্যের তুলনায় প্রায় দেড় থেকে তিন গুণ বেশি দামে ক্রয় করা হয়েছে।
এছাড়া, সরবরাহকৃত ওষুধ ও ইনজেকশনের প্যাকেটে সরকারি ব্যবহারের জন্য সংরক্ষিত মর্মে প্রয়োজনীয় সিল বা চিহ্ন না থাকার বিষয়টিও পরিলক্ষিত হয়। অভিযানকালে সংগৃহীত তথ্য-উপাত্ত, ওষুধের মজুদ সংক্রান্ত নথি, ক্রয়সংক্রান্ত চালান এবং প্রাপ্ত রেকর্ডপত্র বিস্তারিত যাচাই-বাছাই ও বিশ্লেষণপূর্বক কমিশন বরাবর পূর্ণাঙ্গ এনফোর্সমেন্ট প্রতিবেদন দাখিল করা হবে বলে জানান।
আ. দৈ./ একে




















