রোগী হয়রানি, দালালচক্রের দৌরাত্ম্য ও চিকিৎসা সরঞ্জাম অচল
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান
নিজস্ব প্রতিবেদক

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবা প্রদানের নামে অমানবিক হয়রানি, পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি দীর্ঘদিন অচল অবস্থায় ফেলে রেখে সরকারি অর্থের অপচয়, দালালচক্রের দৌরাত্ম্য অনেক বেড়েছে। ওই হাসপাতালের সার্বিক পরিবেশ ও পরিচ্ছন্নতা রক্ষায় অবহেলাসহ নানাবিধ অনিয়মের সুনিদিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে।
আজ বুধবার (১১ নভেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. তানজীর আহমেদ অভিযানের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান,দুদকের দিনাজপুর জেলা কার্যালয় এনফোর্সমেন্ট টিমের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে এনফোর্সমেন্ট টিমের সদস্যরা প্রথমে ছদ্মবেশে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। ওই টিমের সদস্যরা অভিযানকালে উদঘাটিত বিভিন্ন অনিয়মের বিষয়ে হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলেন এবং অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করেন। এ ছাড়াও হাসপাতালের বিভিন্ন বিভাগ ও সেবামূলক কার্যক্রম পুনরায় সরেজমিনে পরিদর্শন করা হয়।
সংগৃহীত রেকর্ডপত্র ও সরেজমিনে প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনাপূর্বক উক্ত টিমের পক্ষ থেকে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।
আ.দৈ./একে




















