মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
ই-পেপার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
বিদেশের যেকোনো মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৪:৫৩ পিএম   (ভিজিট : ০)
X

দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো কূটনৈতিক মিশনে গেলেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার বাধ্যবাধকতা সরকারের নেই।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনাসহ পলাতক দণ্ডিত আসামিরা দেশে ফিরলে তাৎক্ষণিক গ্রেপ্তার করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তাদের কারাগারে যেতে হবে। দেশে ফিরিয়ে আনতে প্লেন, হেলিকপ্টার, বাস, গাড়ি বা অন্য কোনো যান পাঠানোর বিষয়ে কারও সঙ্গে সরকারের আলোচনা হয়নি বলেও জানান তিনি।

শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত ব্যক্তিকে পাসপোর্ট বা এনআইডি দিতে সরকার বাধ্য নয়। এ ক্ষেত্রে আইনের ব্যত্যয় ঘটবে না।

বিদেশে বাংলাদেশের ৮৪টি মিশনকে বাংলাদেশের ভূখণ্ড হিসেবে বিবেচনা করা হয় উল্লেখ করে তিনি বলেন, এসব মিশনের যেকোনো একটিতে শেখ হাসিনা গেলে তাকে গ্রেপ্তার করা হবে। তবে শেখ হাসিনা বর্তমানে কোথায় আছেন, তা সরকার বা গণমাধ্যম কেউ নিশ্চিতভাবে জানে না বলেও মন্তব্য করেন তিনি।

ভারতে অবস্থানরত আসামিদের ফিরিয়ে আনার বিষয়ে কূটনৈতিক যোগাযোগ রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ওসমান হাদির হত্যাকারী এবং জুলাই-আগস্টে হত্যাকাণ্ড, গুম ও সহিংসতার ঘটনায় দণ্ডিত বা অভিযুক্ত হয়ে ভারতসহ বিভিন্ন দেশে অবস্থানকারীদের বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার খবরকে রাজনৈতিক স্টান্টবাজি উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, তিনি দেশে ফিরলে গ্রেপ্তার হয়ে কারাগারে যাবেন। এ বিষয়ে আইন মন্ত্রণালয় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া দেখছে বলেও জানান তিনি।

সম্প্রতি শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও এনআইডি চেয়ে যুক্তরাজ্যভিত্তিক আইনি প্রতিষ্ঠান মেট্রিক্স চেম্বার্স বাংলাদেশ সরকারের কাছে ই-মেইল পাঠায়। প্রতিষ্ঠানটি পরে ওই মেইলের জবাব চেয়ে আবারও যোগাযোগ করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে অন্য দণ্ডিত আসামিদের মতোই বিবেচনা করা হবে।

শেখ হাসিনার মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স তার ১৬ ডিসেম্বর দেশে ফেরার খবর প্রকাশ করেছে। তবে এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিদেশে অবস্থানরত কোনো আসামির বক্তব্য বা অবস্থান নিয়ে আলোচনা করে সরকারের সময় নষ্ট করার প্রয়োজন নেই। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

নির্বাহী সম্পাদকঃ মাজহারুল ইসলাম খান
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝