পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা কাটল
নিজস্ব প্রতিবেদক

এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন, যার ফলে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এখন পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজন করতে পারবে।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করেছিল। ওই আবেদনের শুনানি শেষে এদিন বেলা সাড়ে ১১টার দিকে এ আদেশ দেওয়া হয়।
এর আগে গত ১৮ নভেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাইকোর্ট বেঞ্চ এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষা নিতে পারবে না বলে আদেশ দেন।
একই সঙ্গে এইচএসসি পরীক্ষার সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের আগে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।
রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা জানান, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেছে। আগামী ২৩ ডিসেম্বর এসব আবেদনের ফল প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে। এসব শিক্ষার্থীর কথা বিবেচনা করে রিটটি করা হলে হাইকোর্ট ৩১ ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত রাখার আদেশ দেন।
আ.দৈ/এসআর




















