পুরনো বন্দোবস্তে ফিরলে এগোনো যাবে না: জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক

পুরনো রাজনৈতিক বন্দোবস্তে ফিরে গেলে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ থাকবে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। সোমবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যালে’ তিনি বলেছেন, “আমরা একই পুরনো বন্দোবস্তের মতো সরকার এবং বিরোধিতার ওই ধরনটাতেই পুরোপুরি ফিরিয়ে যাই, তাহলে আমরা নতুন কিছুতে এগোতে পারব না।
“গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার থাকবে, বিরোধীদল থাকবে, সমালোচনা থাকবে এবং সরকারকে জবাবদিহি করতে হবে। তবে একইসঙ্গে দেশের সামষ্টিকভাবে এগিয়ে যাওয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে নিতে হবে। পুরনো রাজনৈতিক কাঠামোর চর্চা আবার প্রাধান্য বিস্তার করলে গণতান্ত্রিক রাজনৈতিক কাঠামোর মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ কাজে লাগানো সম্ভব হবে না।”
নাগরিকদের সামাজিক সুরক্ষা ও রাষ্ট্রীয় অধিকারসমূহ এক ছাতার নিচে আনতে সরকার ‘ওয়ান সিটিজেন, ওয়ান নম্বর, ওয়ান ওয়ালেট’ নামে সরকার একটি সমন্বিত প্রকল্প নিয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী।
“বর্তমানে এই প্রকল্পের পিইসি সভায় মূল্যায়ন চলছে এবং শিগগিরই তা একনেক অনুমোদন শেষে মাঠপর্যায়ে বাস্তবায়নে যাবে। প্রকল্পের আওতায় প্রতিটি নাগরিকের জন্য একটি নির্দিষ্ট নাগরিক নম্বর থাকবে। একই সঙ্গে নাগরিকের ডিজিটাল ওয়ালেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনী (সোশ্যাল সেফটিনেট), প্রাথমিক, মাধ্যমিক ও টারশিয়ারি স্তরের স্বাস্থ্যসেবার সুবিধা এবং শিক্ষা সংক্রান্ত অধিকারসহ রাষ্ট্র প্রদত্ত অন্যান্য প্রাপ্য যুক্ত করা হবে।”
নাগরিকের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে ‘ই-হেলথ কার্ড’ দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, “প্রতি তিনটি ওয়ার্ড মিলিয়ে একটি করে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র (প্রাইমারি হেলথকেয়ার সেন্টার) গড়ে তোলা হচ্ছে। প্রতি ওয়ার্ডে একজন নারী ও একজন পুরুষ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রকল্প তৈরি হচ্ছে, যারা সরাসরি প্রতিটি গৃহস্থালির সঙ্গে নিবিড় যোগাযোগ রাখবেন এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রের সাথে নাগরিকদের যুক্ত করবেন।”
গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে সাকি বলেন, “আমাদের এখানে গবেষণার জন্য সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ২০ কোটি টাকা মাত্র। এত বড় অসঙ্গতি নিয়ে তো একটা দেশে হাঁটা যায় না।
“আর অ্যান্ড ডি বাজেট অবিলম্বে বাড়াতে হবে এবং আগামী পাঁচ বছরে ধীরে ধীরে এমন জায়গায় পৌঁছাতে হবে, যাতে করে আমাদের দেশে তরুণরা যে নানা ধরনের উদ্ভাবনের কাজ করছেন, সেগুলো করার সুযোগ পান।”
অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ-সার্ভিসেস ইউনিটের সহকারী পরিচালক মো. মনজুর হোসেন, অধ্যাপক সলিমুল্লাহ খান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জাহিরুল ইসলাম বক্তব্য দেন।
আ.দৈ/এসআর




















