শেখ হাসিনাসহ পলাতক আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে চিঠি দেবে ট্রাইব্যুনাল প্রসিকিউশন
নিজস্ব প্রতিবেদক

চব্বিশের জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ বেশ কয়েকজন পলাতক আসামির সম্পত্তি বাজেয়াপ্ত করে সরকারের হেফাজতে নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হবে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
মি. ইসলাম বলেন, যারা পলাতক আছে রায়ের নির্ধারিত ৩০ দিনের মধ্যেও ট্রাইব্যুনালে আসেননি বা আপিল দায়ের করেননি। যাদের আপিল দায়েরের আইনগত সুযোগ নাই অতএব তারা যখনই গ্রেফতার হবেন তখনই তাদের রায়টি বাস্তবায়ন করা হবে।
“কিন্তু পাশাপাশি তাদের যে সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ আছে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে, মনে হয়েছে, এই সকল আসামি যারা পলাতক আছে তারা আপিল ফাইল করেননি, তারা তাদের সম্পত্তি বাজেয়াপ্তের যে আদেশ আছে সেই সম্পত্তি তারা যে কোনভাবে হস্তান্তর করতে পারে, বিক্রয় করতে পারে। সেই আশঙ্কা থেকে আমরা মনে করেছি, জাজমেন্টগুলা যে কয়টা হয়েছে আনুষ্ঠানিকভাবে সরকারের কাছে পাঠিয়েছি,” বলে জানান তিনি।
এই আশঙ্কা থেকেই সরকারকে চিঠি দিয়ে পলাতক আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সরকারের হেফাজতে নিয়ে বিক্রির ব্যবস্থা নিতে প্রসিকিউশনের পক্ষ থেকে আজই, মঙ্গলবার চিঠি দেওয়া হচ্ছে বলে জানান চিফ প্রসিকিউটর।
“সেই কারণেই সিদ্ধান্ত নিয়েছি আজকেই আমরা চিঠি দেব যে, যে সকল আসামিরা পলাতক আছেন, যাদের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ আছে সেই সম্পত্তিগুলো খুব দ্রুত সরকারের হেফাজতে নেওয়া, নিয়ে তাদের অর্ধেক সম্পত্তি আইডেন্টিফাই করে সেই সম্পত্তিগুলো সরকার নিলামে বিক্রি করে বা যে কোন আইনগত প্রক্রিয়ায় বিক্রি করে, সেই বিক্রয়লব্ধ অর্থ জুলাই ফাউন্ডেশন বা অন্য কোন বিধিবদ্ধ সংস্থার মাধ্যমে সেটি শহীদ পরিবারের কাছে বিলি-বন্টন করে দেওয়ার জন্য অর্থাৎ আমাদের ট্রাইব্যুনালের রায় বাস্তবায়নের জন্য একটা চিঠি আজকেই আমরা সরকারের বরাবর ইস্যু করবো,” বলেন মি. ইসলাম।
পলাতক কত আসামির সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ রয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, মাহবুবুল আলম হানিফসহ সাতজনের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ রয়েছে।
আ.দৈ/এসআর




















