দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাইল ঢাকা
নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দেশটির সরকারের কাছে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ। রোববার বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের বিন আবিয়ারের সঙ্গে বৈঠকে এ বিষয়ে জানতে চান পররাষ্ট্র সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম।
বৈঠকে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়। পাশাপাশি বিদেশে অবস্থানকালে সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলার গুরুত্ব নিয়েও আলোচনা হয়। তবে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার সহযোগিতামূলক সম্পর্ক নিয়ে উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করেছে।
এর আগে সৌদি আরবের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পবিত্র নগরী মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দুই বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
সৌদি আরবভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম আজেলের প্রতিবেদনে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির নাম নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার বলে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, তদন্তের পর দেশটির নিরাপত্তা বাহিনী তাঁদের আটক করে এবং আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে। পরে মামলাটি আদালতে গেলে অভিযোগের সত্যতা পাওয়ার ভিত্তিতে তাঁদের মৃত্যুদণ্ড দেওয়া হয়।
প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্তদের কর্মকাণ্ডের গুরুতরতা এবং সময় ও স্থানের পবিত্রতা লঙ্ঘনের বিষয় বিবেচনায় নিয়ে এ সাজা দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে রায় বহাল থাকে এবং মৃত্যুদণ্ড কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হয়।
তবে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের বিস্তারিত ব্যাখ্যা এবং বাংলাদেশ সরকারের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তাৎক্ষণিকভাবে আরও তথ্য পাওয়া যায়নি।
আ.দৈ/আরএস




















