দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আটক সাবেক দুই সেনা কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি--লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরা
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, রাজধানীর পল্লবী ও বনানী থেকে গ্রেফতার অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা সরকার ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন।
আজ সোমবার (১২ অক্টোবর) রাতে রাজধানীর পল্লবী ও বনানী থানাধীন ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরা (৪৩) ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ (৪৭)।
ডিসি আকতার হোসেন বলেন, কার্যক্রম নিষিদ্ধ দলের সঙ্গে যোগাযোগ ছিল সাবেক এই দুই সেনা কর্মকর্তার। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সহযোগীদের নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী প্রচারণা চালানো। তারা উসকানিমূলক ডিজিটাল কনটেন্ট তৈরি এবং প্রচারে অবৈধ অর্থায়নের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনায় জড়িত।
এছাড়া ‘Unity Care Public Parliament’ নামের একটি প্ল্যাটফর্ম এবং ‘কালআজকাল.কম’ নামের একটি পেজের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
ডিবি সূত্রের বরাতে ডিসি আকতার হোসেন আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গ্রেফতার ব্যক্তিরা তাদের সহযোগীদের নিয়ে সরকার ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড এবং উসকানিমূলক প্রচারণা চালিয়ে আসছিলেন। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
আ. দৈ./একে




















