উন্নয়ন প্রকল্পের অর্থ অপচয় নয়, জনগণের কল্যাণে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক

উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থ ও মানুষের কল্যাণে সঠিকভাবে ব্যয় নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকারি দায়িত্ব পালনের সুযোগকে আন্তরিকতার সঙ্গে দেশের ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।
রোববার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম ও উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিষয়টি জানান তাঁর উপপ্রেস সচিব হাসান শিপলু।
সভায় মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, উন্নয়ন প্রকল্প, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও লক্ষ্যমাত্রা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন কর্মকর্তারা।
তারেক রহমান বলেন, বিভিন্ন প্রকল্পের লক্ষ্যমাত্রা অর্জনে সরকার বাজেট বরাদ্দ দেবে। তবে এই অর্থ জনগণের। তাই প্রতিটি পয়সা যেন দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে ব্যয় হয়, সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে।
সরকারি দায়িত্বকে দেশের মানুষের জন্য কাজ করার বিশেষ সুযোগ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনসংখ্যার তুলনায় সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিরা সুবিধাপ্রাপ্ত অবস্থানে রয়েছেন। তাই যার যতটুকু কাজ করার সুযোগ রয়েছে, তা আন্তরিকতার সঙ্গে সম্পন্ন করতে হবে।
সভায় কর্মকর্তাদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ সরকারের সিদ্ধান্ত গ্রহণে তুলে ধরার আহ্বান জানান তিনি। ভবিষ্যতে মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় আবারও বৈঠক হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
সভায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আ.দৈ/আরএস




















