দেশ ছাড়ার পরও প্রতিশোধের রাজনীতি করছেন শেখ হাসিনা: রিজভী
নিজস্ব প্রতিবেদক

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালানোর পরও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে দেশে অগ্নিসন্ত্রাস ও নাশকতা চালাচ্ছেন শেখ হাসিনা।
সোমবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের দেশব্যাপী পরিকল্পিত নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে’ অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এ সমাবেশের আয়োজন করে।
রুহুল কবির রিজভী অভিযোগ করেন, মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার হরণ করে শেখ হাসিনা দেশ ছেড়েছেন। তবে দেশ ছাড়ার পরও তাঁর আচরণের পরিবর্তন হয়নি। গত ১৭ বছর ক্ষমতায় থাকাকালে যে নীতি অনুসরণ করেছেন, এখনো তা-ই করছেন বলে দাবি করেন তিনি।
দেশের বিভিন্ন স্থানে নাশকতার প্রসঙ্গ তুলে রিজভী বলেন, বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর, গাড়ি, পোশাক কারখানা ও পুলিশের স্থাপনায় আগুন দেওয়া হচ্ছে। বিদেশে পাচার করা অর্থ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠিয়ে দেশে থাকা সন্ত্রাসীদের দিয়ে এসব ঘটনা ঘটানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
বর্তমান সরকারের ভূমিকা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার ধৈর্যের সঙ্গে গণতান্ত্রিক ও আইনি প্রক্রিয়ায় পরিস্থিতি মোকাবিলা করছে। অতীতের আওয়ামী লীগ সরকারের মতো নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করা হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলে রিজভী বলেন, দেশটির পেট্রাপোল সীমান্তে চার আওয়ামী লীগ নেতার সঙ্গে ভারতীয় ইমিগ্রেশন কর্মকর্তাদের বৈঠকের বিষয়টি গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। সরকারের অনুমতি ছাড়া সরকারি কর্মকর্তারা কীভাবে পলাতক নেতাদের সঙ্গে বৈঠক করেন, সে প্রশ্নও তোলেন তিনি।
সমাবেশে রিজভী আরও বলেন, শিশু, কিশোর ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হত্যাকারীদের বাংলাদেশের মাটিতে জায়গা হবে না। দেশের সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র প্রতিহত করবে।
এ্যাবের সদস্যসচিব প্রকৌশলী শোয়েব বাশরী হাবলুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন প্রকৌশলী খান মুর্শিদ, প্রকৌশলী হারুন অর রশিদ, প্রকৌশলী মিয়া মো. কাইয়ুম ও প্রকৌশলী এনায়েত হোসেনসহ অন্যরা।
আ.দৈ/আরএস




















