ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১ হাজার ৮৬০
নিজস্ব প্রতিবেদক

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। নতুন ৮ জনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। অক্টোবরের প্রথম ছয় দিনে মারা গেছেন ৪২ জন। এ ছাড়া আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩ এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা যান।
নতুন ১ হাজার ৮৬০ জনসহ চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ হাজার ২১৬ জন। গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৮৫২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৬ হাজার ১৫২ জন।
এক দিনে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৭৩০ জন। এ ছাড়া খুলনায় ৩৭৬, চট্টগ্রামে ২১৬, বরিশালে ২০০, রাজশাহীতে ১৭৬, ময়মনসিংহে ১১০ এবং রংপুরে ৩৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আ.দৈ/আরএস




















