সাবেক মন্ত্রী ফরহাদ-ডিআইজি নাহিদুল ট্রাইব্যুনালে
নিজস্ব প্রতিবেদক

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও সাবেক ডিআইজি একেএম নাহিদুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মেহেরপুরে জেলা শিবিরের সাবেক সভাপতি তারিক মোহাম্মদ সাইফুল ইসলামসহ বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় গ্রেফতার। এদিন সকাল ১০টার পর কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে।
আজ রোববার (৪ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি ও আদেশের দিন ধার্য রয়েছে। এদিন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
এর আগে অন্য একটি মামলায় গ্রেফতার ফরহাদ হোসেনকে মানবতাবিরোধী অপরাধের এ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর জন্য আবেদন করে প্রসিকিউশন। ওই আবেদনের শুনানি নিয়ে ২০২৫ সালের ২৪ আগস্ট তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনের বিরুদ্ধে মেহেরপুরের বিভিন্ন থানায় তিনটি এবং ঢাকার আদাবর থানায় একটি হত্যা মামলা করা হয়। পরে ঢাকায় তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা হয়।
এর মধ্যে ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে র্যাবের হাতে গ্রেফতার হন ফরহাদ হোসেন।
ফরহাদ হোসেন আওয়ামী লীগের মনোনয়নে টানা তিনবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। দ্বাদশ জাতীয় সংসদে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর আগে একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন তিনি।
২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন ফরহাদ হোসেন।
আ. দৈ./একে




















