হাজারীবাগে পিকআপচালক হত্যা মামলায় মৃত্যুদণ্ড-১ যাবজ্জীবন-৩
নিজস্ব প্রতিবেদক

বহুল আলোচিত রাজধানীর হাজারীবাগে পিকআপচালক আসাদুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যার মামলায় রাজু হাওলাদার নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা হলেন- অনিক হাসান ওরফে শান্ত, সজল মিয়া ও কাউছার।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার ১৬ নম্বর অতিরিক্ত মহানগর দায়রা জজ নাজমুন নাহার নীপু এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজুকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তিন আসামিকে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রায় ঘোষণার আগে কারাগারে থাকা রাজুকে আদালতে হাজির করা হয়। রায় শেষে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার সাফি নেওয়াজ নাসির ও মাহমুদুর রহমান সুইট এ তথ্য নিশ্চিত করেছেন। রাষ্ট্রপক্ষ জানায়, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তিন আসামি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বর্তমানে পলাতক রয়েছেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালের ১৩ জুন রাতে প্রতিদিনের মতো গাড়ি চালানো শেষে হাজারীবাগ থানার ঢাকা ট্যানারি মোড়ে পিকআপ পার্ক করে বাসায় ফিরছিলেন আসাদুল। রাত ১১টা ১০ মিনিটের দিকে আরএস পাম্পের কাছে পৌঁছালে কয়েকজন তার পথরোধ করেন। এ সময় তার কাছে থাকা মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র দিতে বলা হয়।
আসাদুল তা দিতে অস্বীকৃতি জানালে রাজু হাওলাদার তাকে ছুরি দিয়ে বুকে আঘাত করেন বলে তদন্তে উঠে আসে। পরে আসাদুল রাস্তায় পড়ে গেলে তার মোবাইল ফোন নিয়ে আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
গুরুতর আহত অবস্থায় আসাদুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জুন তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা মোন্নাফ মিয়া ১৯ জুন হাজারীবাগ থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। তদন্ত শেষে রাজু হাওলাদার, অনিক হাসান ওরফে শান্ত, সজল মিয়া ও কাউছারকে অভিযুক্ত করে ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন হাজারীবাগ থানার উপ-পরিদর্শক কমল কৃষ্ণ সাহা।
পরে ২০২৪ সালের ৭ নভেম্বর চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচার চলাকালে মামলার ২১ সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষ্যগ্রহণ শেষে আত্মপক্ষ সমর্থনের শুনানি ও রাষ্ট্রপক্ষ-আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে আজ বুধবার মামলাটির রায় ঘোষণা করেন আদালত।
আ.দৈ./ একে




















