মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
বহুল আলোচিত মরিয়মের মৃত্যু,মামা ওবায়দুরের বিরুদ্ধে রিমান্ড চায় ডিবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৫ পিএম   (ভিজিট : ০)
X

দেশের বহুল আলোচিত ঘটনা, সারক্ষীরাার সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যুর ঘটনায় করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় তার মামা ওবায়দুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল (২৯ সেপ্টেম্বর) মামলাটির তদন্তে ওবায়দুরের সম্পৃক্ততার বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়া গেছে দাবি করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ডের আবেদন করেন ডিবির তেজগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর মোহাম্মদ সালাউদ্দিন। আদালত রিমান্ড আবেদনের শুনানির জন্য আগামী ১ অক্টোবর দিন ধার্য করেছেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, মরিয়মের বিয়ের আগে থেকেই ওবায়দুর রহমান গাজী নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ ও ঘনিষ্ঠতায় ছিলেন। তাদের বিয়েসংক্রান্ত বিভিন্ন কার্যক্রমেও তিনি যুক্ত ছিলেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে। মরিয়মের মৃত্যুর ঘটনায় তার ভূমিকা কী ছিল, তা জানতে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

আবেদনে আরও বলা হয়েছে, মরিয়ম ফাঁস দিয়ে মারা যাওয়ার সময় মামলার এজাহারভুক্ত কয়েকজন আসামি বাসায় ছিলেন। তাদের কোনো ধরনের প্রভাবের কারণে মরিয়ম আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন কি না, তা তদন্তে খতিয়ে দেখা হচ্ছে।

এছাড়া মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা, উসকানি, মানসিক চাপ বা ভয়ভীতি দেখানো কিংবা অন্য কোনোভাবে আত্মহত্যায় সহায়তার ক্ষেত্রে আসামিদের ভূমিকা ছিল কি না, সে বিষয়েও তথ্য সংগ্রহ করতে চায় ডিবি।

গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় রাতে গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে হেফাজতে নেওয়া হয়।

পরে মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম, মাকছুদা ইসলাম ও ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন।

মামলায় গ্রেফতার দেখিয়ে পরদিন নজরুল ইসলামকে চার দিন এবং মাকছুদাকে এক দিনের রিমান্ডে নেয় পুলিশ। ওই রাতেই মামলাটির তদন্তভার ডিবির কাছে হস্তান্তর করা হয়। পরে ২৪ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় নজরুল ইসলামকে আরও চার দিনের রিমান্ডে নেওয়া হয়।

এদিকে মামলার এজাহারভুক্ত আসামি ওবায়দুর রহমানকে ২২ সেপ্টেম্বর রাতে চট্টগ্রাম থেকে গ্রেফতার করে এসআরবি। পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করেছে মামলাটির তদন্তকারী সংস্থা ডিবি।

আ. দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝