ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১ হাজার ৬০৮
নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃতদের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।
শনিবার ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যু ও হাসপাতালে ভর্তির তথ্য পাওয়া যায়।
নতুন ছয়জনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৯ জনে। এর মধ্যে শুধু সেপ্টেম্বরেই মারা গেছেন ১৪৮ জন। আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩ এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে মারা গেছেন দুজন করে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪ হাজার ৩৬৯ জন। গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৬২১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৮ হাজার ৪৮২ জন।
এক দিনে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৫২৫ জন। এ ছাড়া চট্টগ্রামে ৩১৯, খুলনায় ২৭৬, বরিশালে ২১৫, রাজশাহীতে ১৩২, ময়মনসিংহে ৭৯ এবং রংপুরে ৬২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আ.দৈ/আরএস




















