হাম উপসর্গে আরও ৮ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১১০৯
নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১০৯ জন। তাঁদের মধ্যে ৮২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত কারও মৃত্যু হয়নি।
শনিবার হাম পরিস্থিতি নিয়ে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে ২১ হাজার ৬৬৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া সন্দেহজনক হাম আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৫ হাজার ১৯৭ জন।
এ সময়ে হাম উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৩ হাজার ২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম ও হাম উপসর্গ মিলিয়ে মোট ১ হাজার ১২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০২ জন এবং সন্দেহজনক হাম উপসর্গে ১ হাজার ২০ জন মারা গেছেন।
আ.দৈ/আরএস




















