অবিলম্বে আখতারুজ্জামানকে মুক্তি ও সাজানো মামলা প্রত্যাহারের দাবি জামায়াত আমিরের
নিজেস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অবিলম্বে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মো. আখতারুজ্জামানকে মুক্তি দিন। একই সাথে সাজানো মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
আজ শুক্রবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জামায়াত আমির এ দাবি জানান।
ডা. শফিকুর রহমান বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান কাউকে শারীরিকভাবে নাজেহাল করেননি। তার বিরুদ্ধে আনা এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি উল্লেখ করেন, বিমানবন্দরে অনিয়ম ও অব্যবস্থাপনার বাস্তব প্রমাণ পাওয়া গেছে বলেই ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মেজর (অব.) আখতারুজ্জামান মূলত যাত্রী হয়রানি, প্রবাস থেকে ফেরত বাংলাদেশিদের প্রতি অবহেলা ও অন্যায় আচরণের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। তার বক্তব্যের ভাষা নিয়ে বিতর্ক তোলা হলেও যে ঘটনার প্রতিবাদ তিনি করেছেন, তার ভুক্তভোগী ও প্রত্যক্ষ সাক্ষী ছিলেন বিমানবন্দরে উপস্থিত সাধারণ যাত্রীরা।
জামায়াত আমির হুঁশিয়ারি দিয়ে বলেন, বিমানবন্দরের দীর্ঘদিনের অনিয়ম, যাত্রী হয়রানি ও কাঠামোগত অসংগতিকে আড়াল করতেই যদি এই হয়রানিমূলক গ্রেপ্তারের ঘটনা ঘটে থাকে, তবে তা জাতির জন্য এক বড় ধরনের অশনি সংকেত। ভুক্তভোগী সচেতন জনগণ কোনো অবস্থাতেই এমন আচরণ মেনে নেবে না বলে মন্তব্য করেন তিনি।
আ. দৈ./একে




















