সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ৫০ লাখ ডলার
নিজস্ব প্রতিবেদক

প্রবাসী আয়ে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে বৈধপথ ও ব্যাংকিং চ্যানেলে দেশে ২৭৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৩ হাজার ৬৯৫ কোটি টাকা, প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসাবে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বরের তুলনায় এবার একই মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে দেশে ২৬৮ কোটি ৬০ লাখ ডলার প্রবাসী আয় এসেছিল। ফলে এক বছরের ব্যবধানে সেপ্টেম্বরের রেমিট্যান্স বেড়েছে প্রায় ২ দশমিক ২ শতাংশ।
শুধু সেপ্টেম্বর নয়, চলতি অর্থবছরের প্রথম তিন মাসেও প্রবাসী আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে প্রবাসীরা দেশে মোট ৮৫৭ কোটি ১০ লাখ ডলার পাঠিয়েছেন। এর আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৭৫৮ কোটি ৬০ লাখ ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রবাসী আয় বেড়েছে প্রায় ১৩ শতাংশ।
রেমিট্যান্স ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, হুন্ডি প্রতিরোধে কড়াকড়ি এবং ব্যাংকিং চ্যানেলে ডলারের বিনিময় হার তুলনামূলক স্থিতিশীল থাকায় প্রবাসীদের মধ্যে বৈধপথে অর্থ পাঠানোর প্রবণতা বেড়েছে।এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অর্থনীতিবিদদের মতে, প্রবাসীদের পাঠানো অর্থ দেশের সামষ্টিক অর্থনীতির বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রেমিট্যান্সের এই প্রবাহ ধরে রাখতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা অব্যাহত রাখা গেলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হওয়ার সুযোগ তৈরি হবে।
আ.দৈ/এসআর




















