রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
ই-পেপার

রবিবার, ২২ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে গ্রামীণফোনের পার্টনারশিপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৯:০০ পিএম   (ভিজিট : ০)
X

শিক্ষার্থীদের পাঠদান, ল্যাবরেটরি কার্যক্রম এবং একাডেমিক গবেষণার কাজে সহায়তার লক্ষ্যে এক পার্টনারশিপের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগকে সার্ভার প্রদান করেছে দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন। এই উদ্যোগটি বিভাগটির কম্পিউটিং রিসোর্স শক্তিশালী করতে সাহায্য করবে এবং একই সাথে গ্রামীণফোনের নেটওয়ার্ক আধুনিকায়নের সময় অব্যবহৃত হওয়া সরঞ্জামগুলোরও পুনর্ব্যবহার নিশ্চিত করবে।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের পাঠদান ও গবেষণার ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং, টেলিযোগাযোগ, সেমিকন্ডাক্টর ডিভাইস, নবায়নযোগ্য শক্তি ও রোবোটিক্স। এই সরঞ্জামগুলো জটিল সিমুলেশন পরিচালনা, বিশাল আকারের ডেটাসেট বিশ্লেষণ এবং বিভিন্ন মডেল তৈরি ও পরীক্ষা করার জন্য বাড়তি সার্ভারের প্রয়োজনীয়তা মেটাবে।

এই যৌথ উদ্যোগটি তরুণদের দক্ষতা বৃদ্ধি, ডিজিটাল দক্ষতা এবং অন্তর্ভুক্তির প্রতি গ্রামীণফোনের বিশেষ গুরুত্বের প্রতিফলন; যা প্রয়োজনীয় সুযোগ-সুবিধা শক্তিশালী করার মাধ্যমে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের জ্ঞানকে হাতে-কলমে শেখার সুযোগ করে দেবে। এটি ডিজিটাল শিক্ষার উপকরণগুলোকে আরও সহজলভ্য করার এবং দেশের ডিজিটাল অর্থনীতিতে অবদান রাখার মতো সল্যুশন তৈরিতে তরুণদের সক্ষম করে তুলতে বাংলাদেশের বৃহত্তর লক্ষ্যের সাথেও সামঞ্জস্যপূর্ণ।

সম্প্রতি রাজধানীর জিপি হাউসে গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দা তাহিয়া হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শফিউল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ ও চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জুনায়েবুর রশিদ, সহযোগী অধ্যাপক আনিকা আজিজ, সহযোগী অধ্যাপক ড. মো. মিনারুল ইসলাম ও সহযোগী অধ্যাপক ড. খালেদা আলী উপস্থিত ছিলেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের অন্যান্য প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দা তাহিয়া হোসেন বলেন, “তরুণদের ডিজিটাল এবং এআই দক্ষতায় বলীয়ান করা গ্রামীণফোনের ডিজিটাল অন্তর্ভুক্তি কার্যক্রমের মূল বিষয়। আমাদের নিজস্ব কর্মীদের এআই-এর মাধ্যমে ক্ষমতায়নের ওপর ভিত্তি করে আমরা যেমন আমাদের 'এআই অ্যান্ড আই' পদক্ষেপকে এগিয়ে নিচ্ছি, তেমনি আমরা চাই সারা দেশের তরুণদেরও ক্রমবর্ধমান ডিজিটাল বিশ্বে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও শেখার সুযোগ থাকুক। একাডেমিক উৎকর্ষ এবং জাতির জন্য মেধা বিকাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গৌরবময় ঐতিহ্য রয়েছে। 
এই পার্টনারশিপের মাধ্যমে আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের জ্ঞানকে ব্যবহারিক দক্ষতায় রূপান্তর করতে, এআই ও অন্যান্য উদীয়মান প্রযুক্তি অন্বেষণ করতে এবং বাংলাদেশের ডিজিটাল চাহিদার সাথে প্রাসঙ্গিক সমাধান তৈরি করতে সহায়তা করা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার জন্য বিদ্যমান সরঞ্জামগুলোর পুনর্ব্যবহার আমাদের এই আকাঙ্ক্ষাগুলো পূরণের পাশাপাশি যন্ত্রপাতিগুলোর কার্যকাল বাড়াতে এবং সম্পদের আরও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে সহায়ক।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শফিউল আলম বলেন, “প্রকৌশল শিক্ষা ও গবেষণার জন্য কম্পিউটিং রিসোর্সের সহজলভ্যতা দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। গ্রামীণফোনের এই সহায়তা আমাদের ইইই বিভাগের ল্যাবরেটরির সক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করবে এবং সিমুলেশন, ডেটা বিশ্লেষণ ও গবেষণা প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান প্রয়োগের আরও বেশি সুযোগ তৈরি করবে। বাংলাদেশের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় প্রয়োজনীয় দক্ষতা ও ধারণা বিকাশে তরুণদের সহায়তা করার জন্য শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের এই যৌথ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।

আ.দৈ/এসআর



Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝