অপরাধীকে প্রশ্রয় না দেওয়ার প্রমাণ দিয়েছে বিএনপি: রাশেদ খান
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে পদত্যাগ করতে হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুক পোস্টে রাশেদ খাঁন বলেন, বিএনপি কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না এবং অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেয়। মিষ্টির পদত্যাগের সিদ্ধান্তকে এর উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি।
পোস্টে রাশেদ খাঁন জামায়াতে ইসলামীর এমপি গাজী নজরুল ইসলামের প্রসঙ্গও টেনে আনেন। তাঁর দাবি, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান গাজী নজরুল ইসলামকে পদত্যাগে বাধ্য করলে একটি শিশুর মৃত্যুর ঘটনা হয়তো এড়ানো যেত। এ মন্তব্যের মাধ্যমে তিনি দুই দলের অবস্থানের তুলনা করেন।
রাশেদ খাঁন আরও বলেন, প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা এবং দলের নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থে অপকর্মের বিষয়ে দলীয় নেতৃত্ব কঠোর সিদ্ধান্ত নেবে। ব্যক্তির অপরাধের কারণে সরকারের উদ্যোগ ও কাজের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে দেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন।
এদিকে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় মিষ্টির বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তদন্ত চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজন হলে চার্জশিটও দেওয়া হবে।
প্রধানমন্ত্রীর নির্দেশের পর বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।
আ.দৈ/আরএস




















