বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের মানুষের আগ্রহ আছে: ত্রিবেদী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫১ পিএম   (ভিজিট : ০)
X

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বুধবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে দীনেশ ত্রিবেদী বলেন, তিনি কূটনীতিক নন, তাই এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করার সুযোগ নেই। তবে দুই দেশেরই এ সফর নিয়ে আগ্রহ রয়েছে।

তিনি বলেন, দুই দেশের প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা হলেই উভয় দেশের সাধারণ মানুষের মধ্যে আগ্রহ ও উচ্ছ্বাস দেখা যায়। বিষয়টি সংবাদে আসার পেছনেও জনসাধারণের এই আগ্রহ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

দীনেশ ত্রিবেদী বলেন, তিনি কোনো রাজনৈতিক ব্যক্তি বা সরকারের অবস্থানের কথা বলছেন না। সাধারণ মানুষ দুই দেশের নেতাদের সাক্ষাৎ চান এবং দুই দেশের সম্পর্ক সামনে এগিয়ে যাক—এটাই তাদের প্রত্যাশা।

দুই দেশের সম্পর্কের বর্তমান পরিবেশকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, দুই প্রধানমন্ত্রীকে তাঁদের সুবিধাজনক সময় বেছে নেওয়ার সুযোগ দিতে হবে। তিনি বলেন, বাংলাদেশ ও ভারত উভয়ই সার্বভৌম ও স্বাধীন দেশ। কোনো একসময় দুই দেশের প্রধানমন্ত্রী পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করবেন—এটি নিশ্চিত।

বাংলাদেশ-ভারত সম্পর্কে বিভিন্ন চ্যালেঞ্জ থাকার কথাও উল্লেখ করেন দীনেশ ত্রিবেদী। তাঁর মতে, দুই দেশের মধ্যে কোনো সমস্যা থাকবে না—এমনটা ভাবা বাস্তবসম্মত নয়। কিছু চ্যালেঞ্জ থাকবেই। তবে দুই দেশের প্রধানমন্ত্রী আলোচনায় বসলে এসব বিষয়ে সমাধানের পথ বের করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, দুই নেতা মুখোমুখি বসলে এমন কোনো প্রশ্ন নেই যার সমাধান করা সম্ভব হবে না।

ভারতীয় হাইকমিশনার বলেন, এজন্য দুই দেশের নেতা ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে উপযুক্ত সময় দিতে হবে। সঠিক সময়ে প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তাঁর মতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—দুই দেশের সাধারণ মানুষই চান দুই দেশের নেতারা সাক্ষাৎ করুন এবং বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও এগিয়ে যাক।

আ.দৈ/এসআর


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝