মিরপুরে ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক
নিজস্ব প্রতিবেদক

‘আমার লাশের ওপর দিয়ে হলেও ফুটপাত দখলমুক্ত হবে’ বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
বুধবার মিরপুর-১০ নম্বর এলাকায় উচ্ছেদ অভিযান চলাকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, নগরবাসীর সুবিধা নিশ্চিত করতে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে মিরপুর-১০ এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হয়। এ সময় দীর্ঘদিন ধরে ফুটপাত দখলে রাখা ব্যক্তি ও তাদের ইন্ধনে সিটি করপোরেশনের পরিবহন, সাংবাদিক এবং কয়েকজন পুলিশ কর্মকর্তার ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
শফিকুল ইসলাম খান অভিযোগ করেন, ফুটপাত দখল ও হামলার ঘটনায় ‘ফ্যাসিবাদের আমলের সুবিধাভোগী ও তাদের দোসররা’ জড়িত। তাঁর দাবি, ঘটনাস্থলে অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মসজিদে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।
তিনি বলেন, পুলিশ ও ডিএনসিসির পক্ষ থেকে পৃথক মামলা করা হচ্ছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে। তাঁর ভাষ্য, স্থানীয় সাধারণ মানুষের প্রতিরোধের মুখে হামলাকারীরা পিছু হটতে বাধ্য হয়েছে।
ফুটপাত দখলমুক্ত করার কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ বিষয়ে কোনো আপস করা হবে না।
এ সময় মিরপুর জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, কাফরুল ও মিরপুর থানার ওসি এবং ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আ.দৈ/আরএস




















