বিরোধী দলসহ সবার মত নিয়ে সংবিধান সংশোধন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

বিরোধী দলসহ সব পক্ষের সঙ্গে আলোচনা করেই সংবিধান সংশোধন করতে চায় সরকার বলে জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির চতুর্থ বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বিরোধী দলকেও কমিটিতে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচনার দ্বার সবার জন্য উন্মুক্ত। বিরোধী দলগুলোকে কমিটিতে নাম দেওয়ার পাশাপাশি আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। সবার মতামতের ভিত্তিতে একটি অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক সংশোধনী প্রণয়ন করতে চান বলেও জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট সামাজিক শক্তি, সংগঠন ও ব্যক্তিত্বের পাশাপাশি গত ১৭ বছরে গুম, খুন ও নিপীড়নের শিকার ব্যক্তি ও তাদের পরিবার এবং শহীদ পরিবারের প্রতিনিধিদের সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক করা হবে।
এ ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত ও পরামর্শ নেওয়ার পর সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করা হবে। ওই প্রতিবেদনের ভিত্তিতে জাতীয় সংসদে বিল উত্থাপন করা হবে এবং সংসদের ভেতরে-বাইরে আলোচনার মাধ্যমে সংশোধনী চূড়ান্ত করার আশা প্রকাশ করেন তিনি।
বৈঠকে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের বিষয়ে ঐকমত্য হয়েছে। সেই সিদ্ধান্তের ভিত্তিতেই এগিয়ে যেতে চায় সরকার।
এ ছাড়া বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ, বিচার বিভাগের স্বাধীনতা এবং তত্ত্বাবধায়ক সরকার গঠনের পদ্ধতি ও প্রক্রিয়া নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে সবার কাছ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব আহ্বান করা হয়েছে। এসব প্রস্তাব উন্মুক্ত আলোচনার মাধ্যমে বিবেচনা করে সংসদ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান সালাহউদ্দিন আহমদ।
আ.দৈ/আরএস




















