ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এডিস মশাবাহিত এই রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৫ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৪৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ হাজার ৬২০ জনে। বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
ঢাকায়সহ বিভিন্ন বিভাগে নতুন রোগী
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২১২ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪৩ জন এবং ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৩২০ জন রয়েছেন। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২১০ জন, খুলনা বিভাগে ২৪৮ জন, ময়মনসিংহ বিভাগে ১১০ জন, রাজশাহী বিভাগে ২১১ জন, রংপুর বিভাগে ৯৯ জন এবং সিলেট বিভাগে ১৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সুস্থ হয়ে ফিরেছেন ৭৩ হাজারের বেশি
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ৭৩ হাজার ৮৯০ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টাতেই হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৮৮২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত পরিসংখ্যান অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে মশা নিধন ও জনসচেতনতার পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনার ওপর গুরুত্ব রয়েছে।
আ.দৈ/এসআর




















