প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে চ্যালেঞ্জের কথা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে কিছু বিদ্যমান চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এসব চ্যালেঞ্জ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ইতিবাচক আলোচনা চলছে। তবে সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি হওয়া প্রয়োজন। পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে উপযুক্ত পরিবেশ তৈরি হলে আলোচনার মাধ্যমে সফরের তারিখ নির্ধারণ করা হবে।
তিনি বলেন, ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে বাংলাদেশের ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে। তবে সফর নিয়ে নানা আলোচনা থাকলেও সরকার বাস্তবতার নিরিখেই বিষয়টি এগিয়ে নিচ্ছে।
নতুন দায়িত্ব পাওয়ার পর ভারতের হাইকমিশনারের সঙ্গে এটি তাঁর প্রথম সৌজন্য সাক্ষাৎ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বৈঠকটি আন্তরিক ও ফলপ্রসূ হয়েছে। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
এদিকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীও বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়োর প্রয়োজন নেই। দুই দেশের সরকারপ্রধানের জন্য সুবিধাজনক সময়ে সফরটি হতে পারে এবং এ বিষয়ে আলোচনা ইতিবাচক রয়েছে।
আ.দৈ/আরএস




















