সেবার মান না বাড়ালে বাসের রুট বাতিল: সড়কমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ও যাত্রীসেবার মান নির্দিষ্ট সময়ের মধ্যে উন্নত করতে না পারলে সংশ্লিষ্ট বাস কোম্পানির রুট বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। প্রয়োজনে নতুন কোম্পানি গঠন এবং তাতেও কাঙ্ক্ষিত উন্নতি না হলে সরকারি ব্যবস্থাপনায় বাস পরিচালনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) তেজগাঁও সড়ক ভবনের অডিটরিয়ামে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের আওতায় বাসমালিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাসের মান, যাত্রীসেবা ও শৃঙ্খলা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট কোম্পানির। বাস সংস্কার, চালক ও কর্মচারীদের নিয়ম মেনে চলা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে এর দায় কোম্পানিকেই নিতে হবে।
বাসমালিকদের লোকসানের যুক্তির বিষয়ে তিনি বলেন, আগে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, এরপর ভাড়া সমন্বয়ের বিষয়টি বিবেচনা করা হবে। সেবার মান না বাড়িয়ে শুধু ভাড়া বাড়ানোর দাবি গ্রহণযোগ্য নয় বলেও জানান তিনি।
এ ছাড়া ঢাকার গুরুত্বপূর্ণ সড়কে চার্জিং অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণে নীতিমালা করা, দক্ষ ও শারীরিক-মানসিকভাবে সক্ষম চালকদের দ্রুত লাইসেন্স দেওয়ার উদ্যোগ এবং বিভিন্ন এলাকায় যাত্রীবান্ধব বাসস্টপেজ গড়ে তোলার কথা জানান মন্ত্রী।
বাসের সেবার মান উন্নত করতে কোম্পানির ব্যয় ও মালিকদের কাছ থেকে নেওয়া বিভিন্ন ফি কমানোর বিষয়টিও বিবেচনা করা হবে বলে জানান তিনি। পাশাপাশি অনিয়ম, গাফিলতি ও অব্যবস্থাপনা মেনে নেওয়া হবে না বলেও সতর্ক করেন শেখ রবিউল আলম।
আ.দৈ/আরএস




















