লিটারে ১০ টাকা বাড়ল মিল্কভিটার দুধের দাম
নিজস্ব প্রতিবেদক

বাজারে মিল্কভিটা ব্র্যান্ডের পাস্তুরিত তরল দুধের দাম লিটারপ্রতি ১০ টাকা বাড়ানো হয়েছে। নতুন দামে প্রতি লিটার দুধ ১১০ টাকা এবং আধা লিটার স্ট্যান্ডার্ড দুধ ৬০ টাকায় বিক্রি হচ্ছে। বাড়তি দাম গত ৫ আগস্ট থেকে কার্যকর হয়েছে।
বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড জানিয়েছে, খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহের মূল্য ও প্রক্রিয়াজাতকরণ ব্যয় বেড়ে যাওয়ায় এ দাম সমন্বয় করা হয়েছে। গত ১ আগস্ট থেকে খামারি পর্যায়েও দুধের সংগ্রহমূল্য লিটারপ্রতি তিন টাকা বাড়ানো হয়েছে।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এস এম আমীর হামজা জানান, দুধ উৎপাদনে প্রতি লিটারে আগের তুলনায় প্রায় ১১ থেকে সাড়ে ১১ টাকা অতিরিক্ত খরচ হচ্ছে। বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, গোখাদ্য, প্যাকেজিং ও পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে উৎপাদন খরচ বেড়েছে।
মিল্কভিটার দাবি, গ্যাস-সংকটের কারণে কারখানাগুলোতে এলপিজি ব্যবহার করতে হচ্ছে। একই সঙ্গে বিদ্যুৎ বিলও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এসব বাড়তি ব্যয়ের প্রভাব পড়েছে দুধসহ প্রতিষ্ঠানটির অন্যান্য দুগ্ধজাত পণ্যের দামেও।
তবে প্রাণ, আড়ং ও ফার্মফ্রেশের মতো বেসরকারি কোম্পানির প্যাকেটজাত তরল দুধের দাম এখনো আগের পর্যায়েই রয়েছে।
আ.দৈ/আরএস




















