ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী সাময়িক অব্যাহতি
নেত্রকোনা প্রতিনিধি

ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে করা প্রতারণার মামলায় অভিযুক্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রকোনা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সাদিয়া আক্তারকে সাময়িক অব্যাহতি দিয়েছে দলটি।
বুধবার বিকেলে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নেত্রকোনা জেলা কমিটির সদস্যসচিব ফাহিম রহমান খান পাঠান।
নোটিশে বলা হয়েছে, গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে সাদিয়া আক্তারকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
একই সঙ্গে তাঁর বিরুদ্ধে কেন পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে এসব তথ্য কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের কাছে জমা দিতে হবে।
এর আগে, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কয়েকজনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে ৮ সেপ্টেম্বর নেত্রকোনা শহরের কুরপার এলাকা থেকে স্থানীয়রা সাদিয়াকে আটক করে পুলিশে দেয়। পরে ভুক্তভোগী প্রিয়া আক্তার বাদী হয়ে নেত্রকোনা থানায় প্রতারণার মামলা করেন।
মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে ৯ সেপ্টেম্বর তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পরে বুধবার জামিনে মুক্তি পান সাদিয়া আক্তার।
আ.দৈ/আরএস




















