বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বিরোধী দলের লংমার্চে নাশকতার আশঙ্কা, অভিযোগ রাশেদ খাঁনের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০১ পিএম   (ভিজিট : ৮)
X

বিরোধী দলের লংমার্চকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ পরিকল্পিতভাবে নাশকতা চালিয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তার অভিযোগ, বিরোধী দলের কর্মসূচিতে সাধারণ মানুষের বেশে প্রবেশ করে নাশকতার পরিকল্পনা করছে আওয়ামী লীগ। এ পরিস্থিতিতে কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।

পোস্টে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, ‘১৬ বছরে প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রের অধিকাংশ সেক্টরকে যে আওয়ামীকরণ করা হয়েছিল, সেই আওয়ামী জঞ্জালদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে বৃহত্তর জাতীয় ঐক্যের বিকল্প নেই।’

কিন্তু সেই ‘আওয়ামী জঞ্জাল’ পরিষ্কার করে রাষ্ট্রের পুনর্গঠনে বিরোধীদলের কোনো মনোযোগ পরিলক্ষিত হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। রাশেদ খাঁন দাবি করে বলেন, ‘বরং আওয়ামী লীগের ফিরে আসার পথ তৈরি করে দিতে নানামুখী হঠকারী কর্মসূচি হাতে নিচ্ছে বিরোধীদল।’

‘তথ্য পাওয়া যাচ্ছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘বিরোধী দলের লংমার্চকে কেন্দ্র করে ছক কষছে আওয়ামী লীগ। যেহেতু আওয়ামী লীগ নিজস্ব ব্যানারে আর কিছু করার সক্ষমতা রাখে না, এক্ষেত্রে সাধারণ বেশে বিরোধীদলের লংমার্চের মধ্যে ঢুকে পরিকল্পিতভাবে নাশকতা করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার পায়তারা করছে।’

লংমার্চের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তিনি বলেন, ‘ঢাকা থেকে রংপুরের দূরত্ব প্রায় ৩০০ কিলোমিটার। এই দীর্ঘপথের দুই ধারে আইনশৃঙ্খলা বাহিনী দাঁড়িয়ে থেকেও পূর্ণ নিরাপত্তা দেওয়া কি সম্ভব? কিন্তু পরিস্থিতি যা দাঁড়িয়েছে, মনে হচ্ছে তাই করতে হবে।’

শঙ্কা প্রকাশ করে রাশেদ বলেন, ‘এমনও হতে পারে, আওয়ামী দুর্বৃত্তদের ষড়যন্ত্রের হাত থেকে বিরোধীদলের কর্মসূচির নিরাপত্তা দিতে সরকারি দলের লোকজনকেও পাহারা বসানো লাগতে পারে।’

কারণ হিসেবে রাশেদ খাঁন বলেন, ‘আওয়ামী লীগ কোনো অঘটন ঘটালেও, সেটার দায় বর্তমান বিরোধীদল বিএনপি সরকারের ওপর দিতে চেষ্টা করবে। যেমনটা শহীদ ওসমান হাদির হত্যার সময় করেছিল। যদিও সেসময় বিএনপি ক্ষমতায় ছিলো না।’

পোস্টের শেষে পরিস্থিতি ও বাস্তবতা বিবেচনা করে বিরোধী দলকে কর্মসূচি পালনের আহ্বান জানান রাশেদ খাঁন। তিনি বলেন, ‘সবমিলিয়ে, বিরোধী দলের প্রতি আমার আহ্বান থাকবে, বাচ্চাদের মত নাছোড়বান্দা না হয়ে, পরিস্থিতি ও বাস্তবতা বুঝে কর্মসূচি হাতে নেন। নতুবা আপনাদের ভুলের খেসারত পুরো জাতিকে দেওয়া লাগতে পারে।’

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝