বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুদকের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে: নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১০ পিএম   (ভিজিট : ৭)
X

দুর্নীতি দমন কমিশন—দুদকের পেশাদারত্ব, দক্ষতা ও নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

মঙ্গলবার মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ গ্রহণের প্রসঙ্গ তুলে ধরে দুদকের আমূল সংস্কারের প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রোপাগান্ডা সেল থেকে প্রচারিত গুজবকে অভিযোগ হিসেবে গ্রহণের মাধ্যমে দুদককে আবারও বিরোধী রাজনৈতিক শক্তিকে হয়রানি ও দমনের হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, জুলাই সনদে ঘোষিত প্রক্রিয়া অনুসরণ করে একটি স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর দুদক গঠন করা হলে যেকোনো অভিযোগের নিরপেক্ষ তদন্তে এনসিপি সহযোগিতা করতে প্রস্তুত। তবে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে কোনো কমিশনকে ব্যবহার করা হলে তা মেনে নেওয়া হবে না।

এনসিপির আহ্বায়ক আরও দাবি করেন, অতীতে দুদককে ব্যবহার করে বিরোধী দলের নেতাদের হয়রানির যে অভিযোগ ছিল, বর্তমান ঘটনাতেও তার পুনরাবৃত্তির আশঙ্কা তৈরি হয়েছে। জুলাই সনদের প্রক্রিয়া পাশ কাটিয়ে দুদক চেয়ারম্যান নিয়োগের বিষয়েও সরকারের সমালোচনা করেন তিনি।

নাহিদ ইসলাম অবিলম্বে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি বন্ধের দাবি জানান। একই সঙ্গে জুলাই সনদের চেতনা অনুসরণ করে স্বাধীন, স্বায়ত্তশাসিত, নিরপেক্ষ ও কার্যকর দুর্নীতি দমন কমিশন পুনর্গঠনের আহ্বান জানান।


আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝