গণতন্ত্রকে স্থায়ী রূপ দিতে নিরপেক্ষ নির্বাচনের ধারাবাহিকতা জরুরি: রিজভী
নিজস্ব প্রতিবেদক

গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সোমবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি বলেন, গণতন্ত্র এমন একটি ব্যবস্থা, যেখানে মানুষের মৌলিক অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত থাকে। গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে না এবং জনগণকে অধিকারবঞ্চিত করা সম্ভব হয় না।
রিজভী অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে বাংলাদেশে নাগরিক স্বাধীনতা, ভোটাধিকার ও মানবাধিকার ক্ষুণ্ন করা হয়েছে। বিভিন্ন আইন ও বিধিনিষেধের মাধ্যমে সংবাদমাধ্যমের স্বাধীনতা সংকুচিত করা এবং ভিন্নমতের মানুষকে গুম, হত্যা ও আইনবহির্ভূত হত্যার শিকার করার অভিযোগও তোলেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিভিন্ন মামলা ও রাজনৈতিক নিপীড়নের মুখে পড়তে হয়েছে।
তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটেছে এবং গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন গণতন্ত্রকে আরও শক্তিশালী ও স্থায়ী করতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
নিরপেক্ষ নির্বাচনের ধারাবাহিকতা, সর্বজনীন শিক্ষা, সামাজিক ন্যায়বিচার ও আইনের শাসন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন রিজভী। পাশাপাশি নারী-পুরুষসহ সব নাগরিকের সমান অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করে একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার আহ্বান জানান তিনি।
আ.দৈ/আরএস




















