চাঁদাবাজি বন্ধ হলে নিত্যপণ্যের দাম কমবে: এটিএম আজহার
নিজস্ব প্রতিবেদক

চাঁদাবাজি বন্ধ করা গেলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অনেকটাই কমে আসবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।
মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। গণভোটের রায় বাস্তবায়নসহ আট দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচি ঘোষণার সময় এসব কথা বলেন তিনি।
এটিএম আজহারুল ইসলাম বলেন, সাধারণত ঈদের সময় পণ্যের দাম বাড়লেও এখন অন্য সময়েও দাম বাড়ছে। পথে পথে চাঁদাবাজির কারণে পণ্যের মূল্য বাড়ছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে কৃষকের কাছে সার পৌঁছাচ্ছে না বলেও অভিযোগ করেন জামায়াতের এই নেতা।
তিনি আরও অভিযোগ করেন, বিএনপি গণভোটের রায় বাস্তবায়নের প্রতিশ্রুতি রক্ষা করছে না। সংসদে বারবার দাবি জানানো এবং ওয়াকআউট করেও কোনো ফল না পাওয়ায় তারা রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন।
গত ১৬ বছরে জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে বলেও দাবি করেন এটিএম আজহার। তিনি বলেন, দলের শীর্ষ নেতাদের ফাঁসি ও কারাগারে মৃত্যুর ঘটনা ঘটেছে এবং এক পর্যায়ে দলটিকে নিষিদ্ধ করা হয়েছিল।
সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
আ.দৈ/আরএস




















