চোরের মায়ের বড় গলা’—আসিফ মাহমুদকে নিয়ে রাশেদ খাঁনের মন্তব্য
নিজস্ব প্রতিবেদক

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদকে নিয়ে তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকাকালে আসিফ মাহমুদ আওয়ামী লীগের কয়েকজন ব্যবসায়ী ও নেতাকে সুবিধা ও সুরক্ষা দিয়েছেন।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন রাশেদ খাঁন। সেখানে তিনি আসিফ মাহমুদের বিরুদ্ধে একজন আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ীকে পুনর্বাসনের অভিযোগ তোলেন। বিষয়টি নিয়ে দায়িত্বে থাকাকালে তিনি আসিফ মাহমুদকে একাধিকবার সতর্ক করেছিলেন বলেও দাবি করেন।
রাশেদ খাঁনের দাবি, আসিফ মাহমুদের সঙ্গে এনসিপির সম্পর্ক নিয়ে দলটির নেতারা তখন দূরত্ব বজায় রাখার কথা বলেছিলেন। তাঁর ভাষ্য, দুর্নীতি ও বিতর্কের দায় এড়াতে নাহিদ ইসলাম গণমাধ্যমে একাধিকবার দুই ছাত্র উপদেষ্টার সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছিলেন।
ফেসবুক পোস্টে রাশেদ আরও অভিযোগ করেন, আসিফ মাহমুদ এক ব্যক্তিকে বড় অঙ্কের অর্থ দিয়েছিলেন—যে তথ্য তিনি নিজে জানেন বলে দাবি করেন। একই সঙ্গে তৎকালীন আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে ঘিরেও বিভিন্ন তথ্য তাঁর কাছে এসেছিল বলে উল্লেখ করেন তিনি। এসব বিষয়ে অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টাকে অবহিত করার দাবিও করেন রাশেদ।
এনসিপির নাহিদ ইসলাম ও আখতার হোসেনসহ সিনিয়র নেতারা কেন আসিফ মাহমুদের পাশে দৃঢ়ভাবে দাঁড়াচ্ছেন না—এ প্রশ্নও তোলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। এর কারণ হিসেবে তাঁরা এসব তথ্য জানেন বলে দাবি করেন তিনি।
পোস্টের শেষদিকে আসিফ মাহমুদকে নিয়ে কড়া ভাষায় মন্তব্য করে রাশেদ খাঁন বলেন, ‘চোরের মায়ের বড় গলা’—বর্তমানে তাঁর অবস্থাও তেমন। একই সঙ্গে তাঁকে ‘দুর্নীতির বরপুত্র’ বলেও মন্তব্য করেন তিনি।
তবে ফেসবুক পোস্টে রাশেদ খাঁনের তোলা এসব অভিযোগের বিষয়ে আসিফ মাহমুদ বা এনসিপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আ.দৈ/আরএস




















