আসিফ নজরুল খুব ভালো মানুষ নন: নাসীরুদ্দীন পাটওয়ারী
নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুলকে ‘খুব ভালো মানুষ নন’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে আসিফ নজরুলের পোষা ছাগল নিয়ে সাম্প্রতিক মন্তব্যেরও জবাব দেন তিনি।
রোববার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এর আগে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি প্রস্তুতি সভায় অংশ নেন তিনি।
আসিফ নজরুলের ছাগল চুরির ঘটনা প্রসঙ্গে পাটওয়ারী বলেন, তিনি বিষয়টি যেভাবে উপস্থাপন করেছেন, সেটি সঠিক নয়। তাঁর দাবি, ছাগলটি যারা খেয়েছেন, তাদের তিনি চেনেন এবং একটি ছাগল খাওয়ার জন্য তিনি তাদের সমালোচনা না করে উল্টো আরেকটি খাওয়ার কথা বলেছেন।
এর আগে একটি টকশোতে আসিফ নজরুল তাঁর পোষা ছাগল হারিয়ে যাওয়ার ঘটনাকে জীবনের অন্যতম হৃদয়বিদারক ঘটনা হিসেবে উল্লেখ করেন। তাঁর দাবি, প্রতিশোধের উদ্দেশ্যে কেউ ঘটনাটি ঘটিয়ে থাকলে সেটি অত্যন্ত নির্মম আচরণ। তিনি আরও জানান, ছাগলটি তাঁর ছোট মেয়ের পোষা ছিল এবং ঘটনাটির পর মেয়েটি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
২০২৪ সালের শেষ দিকে রাজধানীর হেয়ার রোডে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে আসিফ নজরুলের সরকারি বাসভবন থেকে তাঁর ছোট মেয়ের পোষা ছাগল হারিয়ে যাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করেই নতুন করে রাজনৈতিক বক্তব্য ও পাল্টা মন্তব্য সামনে এসেছে।
আ.দৈ/আরএস




















