জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে বাংলাদেশের নতুন ভিশন, অগ্রাধিকার এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়গুলো তুলে ধরবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তাঁর বক্তব্যে এসব বিষয় গুরুত্ব পাবে।
সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে কি না—এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর সফরের মূল উদ্দেশ্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়া ও ভাষণ দেওয়া। অধিবেশনকে ঘিরে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে পার্শ্ববৈঠক ও দ্বিপক্ষীয় আলোচনার সুযোগ থাকে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী কখন কার সঙ্গে বৈঠক করবেন, সফরের কর্মসূচি কী হবে—এসব বিষয় চূড়ান্ত হলে জানানো হবে। এ বিষয়ে কোনো তথ্য গোপন রাখা হবে না বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের আগ্রহের কথাও জানিয়েছেন হুমায়ুন কবির। তিনি বলেন, ভারতের সঙ্গে ঢাকা একটি নতুন ও কার্যকর সম্পর্ক গড়ে তুলতে চায়।
বাংলাদেশ-ভারত সীমান্তে বেসামরিক নাগরিক হত্যার বিষয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, সীমান্তে মানুষের নিরাপত্তা এবং হত্যাকাণ্ডের মতো বিষয়গুলো নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আলোচনা অব্যাহত রয়েছে। অন্যদিকে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে যুক্তরাজ্যসহ কয়েকটি দেশের সঙ্গে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
আ.দৈ/এসআর




















