অপব্যবহারের সুযোগ রেখে সাইবার সুরক্ষা আইন করা হবে না: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

সাইবার সুরক্ষা আইনের কোনো ধারায় এমন শব্দ বা বিধান রাখা হবে না, যার অপব্যাখ্যা করে কারও কণ্ঠ দমন করা যায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেন, ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ এখনো চূড়ান্ত হয়নি; খসড়া নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা চলছে।
বৃহস্পতিবার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অংশীজনদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, খসড়ায় কিছু শব্দের দ্বৈত অর্থ থাকায় সেগুলো নিয়ে সতর্কতার সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে।
আন্দালিভ রহমান বলেন, অতীতে ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইনের কিছু বিধান সংবাদমাধ্যমের ওপর চাপ প্রয়োগ বা অপব্যবহারের সুযোগ তৈরি করেছিল। তাই নতুন আইনে এমন কোনো শব্দচয়ন রাখা হবে না, যা ভবিষ্যতে অপব্যবহারের সুযোগ তৈরি করতে পারে।
তিনি বলেন, একদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে গালিগালাজ, হয়রানি ও আপত্তিকর কনটেন্টের মাধ্যমে সামাজিক ক্ষতি ঠেকাতে হবে, অন্যদিকে মতপ্রকাশ ও সংবাদমাধ্যমের স্বাধীনতাকেও সম্মান করতে হবে। আইন প্রণয়নের ক্ষেত্রে দুই দিকের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা চলছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, সাইবার নিরাপত্তা নিয়ে বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি ও সাংবাদিকদের মতামত নেওয়া হয়েছে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে চরিত্রহনন ও ক্ষতিকর কনটেন্ট ঠেকানোর বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, খসড়া আইন নিয়ে আরও আলোচনা হবে। আগামী ২৮ সেপ্টেম্বর বেলা ১১টায় পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। সবার মতামত নিয়ে একটি কার্যকর ও ভারসাম্যপূর্ণ আইন প্রণয়নের লক্ষ্যেই সরকার কাজ করছে।
আ.দৈ/আরএস




















