সাংবাদিকদের নিয়ে মন্তব্য, মুফতি আব্বাসীকে ক্ষমা চেয়ে আইনি নোটিশ
নিজস্ব প্রতিবেদক

সাংবাদিকদের নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে ইসলামী বক্তা ও জৈনপুরী দরবার শরীফের পীর মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীকে নিঃশর্ত ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সাত দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে নোটিশে।
রোববার নিম্ন আদালতে কর্মরত সাংবাদিকদের সংগঠন কোর্ট রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম সুজনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী খাদেমুল ইসলাম এ নোটিশ পাঠান।
আইনজীবী খাদেমুল ইসলাম জানান, নোটিশে সাংবাদিক ও সাংবাদিকতা পেশা সম্পর্কে অবমাননাকর বক্তব্য, মানহানি, হামলার হুমকি ও উসকানির অভিযোগ তুলে সাত দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নোটিশে উল্লেখ করা হয়, গত ১৯ অক্টোবর চাঁদপুরের মতলব উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে বক্তব্য দেওয়ার সময় আব্বাসী বাংলাদেশের সাংবাদিকদের নিয়ে কটূক্তি করেন। একপর্যায়ে তিনি বলেন, ‘সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো। এগুলোরে কুত্তার মতো পেটানো দরকার।’
এ ছাড়া বক্তব্যে তিনি অভিযোগ করেন, মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে এক যুবকের উদ্যোগ নিয়ে সাংবাদিকেরা ইতিবাচক সংবাদ প্রকাশ না করে অন্যভাবে সংবাদ পরিবেশন করেছেন। সাংবাদিকদের ‘হলুদ সাংবাদিকতা’ করার অভিযোগ তোলার পাশাপাশি তাঁদের বিদেশি গোয়েন্দা সংস্থার অর্থে পরিচালিত হওয়ার দাবিও করেন তিনি।
আইনি নোটিশে বলা হয়েছে, এ ধরনের বক্তব্য সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে এবং সাংবাদিকতা পেশা ও পেশাদার সাংবাদিকদের প্রতি অবমাননাকর। নোটিশদাতার দাবি, বক্তব্যটি সাংবাদিকদের ওপর হামলার হুমকি ও উসকানি হিসেবেও বিবেচিত হতে পারে।
তবে এ বিষয়ে মুফতি এনায়েতুল্লাহ আব্বাসীর বক্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আ.দৈ/আরএস




















