খাবারের খরচসহ কমল ২০২৭ সালের হজ প্যাকেজ
নিজস্ব প্রতিবেদক

হাজীদের আর্থিক চাপ কমাতে ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ কমিয়েছে সরকার। নতুন প্যাকেজে খাবারের ব্যয়ও অন্তর্ভুক্ত রাখা হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে ধর্মমন্ত্রী জানান, ২০২৬ সালের ৬ লাখ ৯০ হাজার ৫৭৭ টাকার প্যাকেজ-১ আগামী বছর কমিয়ে ৬ লাখ ১৫ হাজার ২২৩ টাকা করা হয়েছে। এতে কমেছে ৭৫ হাজার ৩৫৪ টাকা এবং খাবারের জন্য রয়েছে ৩৯ হাজার ১৩৬ টাকা।
অন্যদিকে, প্যাকেজ-২-এর মূল্য ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা থেকে কমিয়ে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এ প্যাকেজে ৫৩ হাজার ২৩৩ টাকা কমানোর পাশাপাশি খাবারের জন্য রাখা হয়েছে ২৯ হাজার টাকা।
এ ছাড়া ২০২৭ সালের হজযাত্রীদের বিমান ভাড়াও কমানো হয়েছে। ২০২৬ সালের ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা থেকে কমিয়ে আগামী বছর বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকা।
ধর্মমন্ত্রী বলেন, সাধারণত সময়ের সঙ্গে বিভিন্ন সেবার ব্যয় বাড়লেও হাজীদের সুবিধার কথা বিবেচনা করে এবার প্যাকেজ ও বিমান ভাড়া কমানো হয়েছে। সরকারের এ উদ্যোগ হজযাত্রীদের জন্য আর্থিক চাপ কমাতে সহায়ক হবে।
তিনি আরও জানান, ২০২৬ সালের সরকারি ব্যবস্থাপনায় হজ শেষে বিভিন্ন খাতে নির্ধারিত ব্যয়ের তুলনায় ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা উদ্বৃত্ত হয়েছে। কোনো মধ্যস্থতাকারী ছাড়াই এ অর্থ সংশ্লিষ্ট হাজীদের ব্যাংক হিসাবে ফেরত দেওয়া হয়েছে।
আ.দৈ/আরএস




















