৪ হাজার ৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার
নিজস্ব প্রতিবেদক

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা ৪ হাজার ৩৪১ জন হাজিকে প্যাকেজের উদ্বৃত্ত ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ফেরত দেবে সরকার।
রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়েকোবাদ এ তথ্য জানান। তিনি বলেন, হজের বাড়িভাড়া ও সার্ভিস চার্জে ব্যয় কম হওয়ায় প্যাকেজের অর্থ থেকে এই টাকা সাশ্রয় হয়েছে।
সাশ্রয় হওয়া অর্থ সরাসরি সংশ্লিষ্ট হাজিদের ব্যাংক হিসাবে পাঠিয়ে দেওয়া হবে। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, প্যাকেজ, আবাসনের ধরন ও সিট আপগ্রেডেশনের ওপর ভিত্তি করে প্রত্যেক হাজি ভিন্ন পরিমাণ অর্থ ফেরত পাবেন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিভিন্ন প্যাকেজে সাধারণ হাজিরা কয়েক হাজার থেকে শুরু করে সিট আপগ্রেডেশনসহ কিছু হাজি এক লাখ ৮০ হাজার টাকার বেশি পর্যন্ত ফেরত পাবেন।
আ.দৈ/আরএস




















