সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলীর ৪২তম মৃত্যুবার্ষিকী
প্রধানমন্ত্রীর শশুরের মৃত্যুবার্ষিকীতে ডিএনসিসিতে দোয়ার অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক :

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শশুর সাবেক নৌবাহিনী প্রধান রিয়াল এড মিরাল (অব:) মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ভবনসহ আঞ্চলিক কার্যালয়ে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) বাদ জোহর সাবেক নৌবাহিনী প্রধান, সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী মাহবুব আলী খানের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামানের নির্দেশনায় নগর ভবন মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের তত্ত্বাবধানে পৃথক ভাবে আঞ্চলিক কার্যালয়েও বাদ জোহর এই বিশেষ দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়।

ছবিতে- অঞ্চল-৪ এর মসজিদে বাদ জোহর প্রধানমন্ত্রীর শশুরের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নিয়েছেন কর্মকর্তা - কর্মচারীরা ।
আজ বাদ জোহর মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডিএনসিসির মিরপুরে অঞ্চল-৪ এর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিনের নির্দেশনায় ও উপস্থিতিতে মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিলের তদারকিতে ছিলেন ডিএনসিসিতে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) সভাপতি মো.সিদ্দিকুর রহমান ও সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া অনুষ্ঠানে বিশেষ তবারক বিতরণ করা হয়েছে।

এদিকে আজ বৃহস্পতিবার সকালে বনানী সামরিক কবরস্থানে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিলটন। ওইসময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোঃ হুমায়ুন কবিরসহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
আ. দৈ./কাশেম




















