জাতীয় দল থেকে অবসরের ঘোষণা মেসির (ভিডিও)
স্পোর্টস ডেস্ক

আর্জেন্টিনার জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। ঘোষণার ২৩ মিনিট পর নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দুই মিনিটের একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওটিতে ফুটে উঠেছে তার ২১ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের নানা অধ্যায়।
ভিডিওর ক্যাপশনে মেসি শুধু ‘এআর’ লিখে একটি লাল হৃদয়ের ইমোজি দেন। এরপরই পোস্টটি ভরে যায় সতীর্থ, তারকা ফুটবলার ও ভক্তদের ভালোবাসা এবং শুভকামনায়।
সোলেদাদ পাস্তোরুত্তির ‘ব্রিন্দিস’ গানের সুরে শুরু হওয়া ভিডিওতে ছোটবেলার মেসি থেকে শুরু করে জাতীয় দলের হয়ে তার সাফল্য, ব্যর্থতা, কান্না ও আনন্দের বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হয়েছে।
ভিডিওতে রয়েছে ২০১০ বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার কোচিংয়ে তরুণ মেসির সময়ের দৃশ্য। আছে ২০১৪ বিশ্বকাপ ফাইনালে জার্মানির কাছে পরাজয়ের বেদনা এবং পরবর্তী সময়ে কোপা আমেরিকা জয়ের উচ্ছ্বাস।
২০২৪ কোপা আমেরিকার ফাইনালে চোট পেয়ে মাঠ ছাড়ার সময় মেসির কান্নার দৃশ্যও রাখা হয়েছে ভিডিওতে। শেষদিকে উঠে এসেছে ২০২৬ বিশ্বকাপের স্মৃতি—স্বপ্ন, লড়াই ও শেষ পর্যন্ত স্পেনের কাছে ফাইনালে পরাজয়।
মাত্র দুই মিনিটের ভিডিওতে মেসির দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের অর্জন, হতাশা ও আবেগকে তুলে ধরা হয়েছে। ফুটবলের মাঠে যে স্বপ্ন নিয়ে তার যাত্রা শুরু হয়েছিল, সেই স্বপ্নের পথচলাই যেন শেষ পর্যন্ত তাকে ইতিহাসের অংশ করে তুলেছে।
আ.দৈ/আরএস




















