প্রধান শিক্ষিকা রনজিলা হত্যা: গ্রেপ্তার ৩ আসামির ৫ দিনের রিমান্ড
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শেরেবাংলা নগরে অটোরিকশা থেকে ফেলে বগুড়ার প্রধান শিক্ষিকা রনজিলা পারভীনকে হত্যার মামলায় গ্রেপ্তার তিন আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিক আজাদ শুনানি শেষে প্রত্যেক আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন—মো. পনি ওরফে প্যারা পনি, সেড্রিক জুলিয়ান ও মো. রাকিব হোসেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেন। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন ও মূল হোতাদের শনাক্ত করতে আসামিদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
গত ২৯ আগস্ট ভোরে স্বামীর সঙ্গে চোখের চিকিৎসার জন্য অটোরিকশায় মানিক মিয়া অ্যাভিনিউ দিয়ে যাওয়ার সময় জাতীয় সংসদ ভবনের ১২ নম্বর গেটের কাছে মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা রনজিলার ব্যাগ ধরে টান দেয়। এতে তিনি অটোরিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় স্বামী বাদী হয়ে হত্যা ও ছিনতাইয়ের মামলা করেন। পরে র্যাব-২ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ছিনতাই করা স্মার্টফোন, নগদ টাকা ও ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধারের দাবি করেছে র্যাব।
আ.দৈ/আরএস




















