হাবিবুল গনি আপিল বিভাগের নতুন বিচারপতি,শপথ রোববার
নিজস্ব প্রতিবেদক :

বিচারপতি হাবিবুল গণি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতি হিসেকে নিয়োগ পেয়েছেন। সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত বিচারক মো. হাবিবুল গনিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন।
গত ২৭ আগস্ট আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামীকাল রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে বিচারক মো. হাবিবুল গনিকে শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিচারপতি হাবিবুল গনির শপথ গ্রহণের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে।
উল্লেখ্য, বিচারপতি হাবিবুল গনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার অব সোশ্যাল সায়েন্স (এমএসএস) এবং আইন বিষয়ে এলএলবি ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ১৯৮৯ সালের ৩ এপ্রিল জেলা আদালত এবং ১৯৯২ সালের ১১ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।
তিনি ২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে উন্নীত হন এবং ২০১২ সালের ১৫ এপ্রিল একই বিভাগে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ লাভ করেন।
বিচারপতি হাবিবুল গনির দীর্ঘ বিচারিক জীবনে ওয়ার্ল্ড পিস ফোরাম আয়োজিত আইন ও বিচারসংক্রান্ত বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।
আ. দৈ./একে




















