সাবেক চেয়ারম্যান শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ
ইস্টার্ন ব্যাংকের ২৫ মিলিয়ন ডলার পাচার,অনুসন্ধানের আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজস্ব প্রতিবেদক :

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলার পাচারের সুনিদিষ্ট অভিযোগে ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধানের আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ।
মঙ্গলবার (২৫ আগস্ট) হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ সুপ্রিম কোর্টের আইনজীবী এ এইচ এম রেজওয়ানুল সাঈদের করা রিটের শুনানি গ্রহণ করে রুলসহ এ নির্দেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ মামুন মাহবুব, অ্যাডভোকেট মোহাম্মদ আলী ও ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।
এ বিষয়ে সানজিদ সিদ্দিকী সাংবাদিকদের জানান, শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন মার্কিন ডলার মানি লন্ডারিং ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের জন্য রিটটি করা হয়।
তিনি বলেন, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির (এনসিএ) তদন্তের সময় শওকত আলী চৌধুরীর নামে যুক্তরাজ্যের একটি ব্যাংক হিসাবে ২৫ মিলিয়ন ডলারের অঘোষিত অর্থের সন্ধান পাওয়া যায়। পরে বিষয়টি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) জানানো হয়।
ভূমি অপরাধ প্রতিকার আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে হাইকোর্টের রুল রিটকারী আইনজীবীর দাবি, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সময়মতো কোনো আইনি ব্যবস্থা না নেওয়ায় যুক্তরাজ্য কর্তৃপক্ষ ওই অর্থ ছেড়ে দেয়। পরে তা দুবাইয়ের একটি হিসাবে স্থানান্তর করা হয়। এ অর্থ আয়কর রিটার্নে ঘোষণা না করায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বিষয়ে অ্যাসেসমেন্ট করে জরিমানা ও দণ্ড আরোপ করেছিল।
এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বিএফআইইউতে অনুসন্ধানের জন্য আবেদন করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় হাইকোর্টে রিট করা হয়। শুনানি শেষে দুদককে ৩০ দিনের মধ্যে আবেদনটি নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।
আ. দৈ./ একে




















