রাজনৈতিক সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: সানাউল্লাহ
নিজস্ব প্রতিবেদক

রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে স্থানীয় সরকার নির্বাচনও সহিংসতামুক্ত করা সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় নির্বাচন সহিংসতামুক্ত হওয়ার অন্যতম কারণ ছিল রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা। স্থানীয় নির্বাচনেও সেই সদিচ্ছা কাজে লাগাতে হবে।
তিনি বলেন, নির্বাচন কমিশন সহিংসতা চায় না। স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতার প্রবণতা বেশি থাকায় কমিশন এ বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য করা ইসির দায়িত্ব হলেও রাজনৈতিক দল ও প্রার্থীদেরও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
নারী প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়ে সানাউল্লাহ বলেন, এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। আইন না মানলে কোনো রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নাও থাকতে পারে।
অনুষ্ঠানে নির্বাচন বিশেষজ্ঞ ও বিভিন্ন দলের নেতারা স্থানীয় নির্বাচন নিয়ে নানা পরামর্শ দেন। তাঁরা নির্বাচনে ইসির অ্যাকশন প্ল্যান, ভোট গণনার স্বচ্ছতা ও প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
আ.দৈ/আরএস




















