ভারতের জায়গায় ফিফার আসিয়ান কাপে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক

প্রথমবারের মতো ফিফার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে যাওয়া আসিয়ান কাপে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়ে ফিফা ও আয়োজকদের আনুষ্ঠানিক স্বীকৃতিও পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। মূলত ভারতের খেলার কথা থাকলেও সেপ্টেম্বর উইন্ডোতে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ থাকায় তারা নাম প্রত্যাহার করে। এরপর বাংলাদেশকে অংশগ্রহণের প্রস্তাব দেয় ফিফা। বাফুফের জাতীয় দল কমিটি জরুরি সভায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়।
ভারতের পরিবর্তে বাংলাদেশ ‘এ’ গ্রুপে খেলবে বলে জানা গেছে। গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। টুর্নামেন্টে অংশ নিতে বাফুফের কোনো খরচ হবে না। চ্যাম্পিয়ন দলের জন্য রয়েছে কয়েক কোটি টাকার পুরস্কার। পাশাপাশি সেমিফাইনালে ওঠা ও ম্যাচ জয়ের জন্যও থাকছে বাড়তি অর্থ পুরস্কার।
আ.দৈ/আরএস




















