রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা আব্বাস-রুমিন ফারহানা-গাজী নজরুলসহ ভোট দেননি ৬ সংসদ সদস্য
নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩ জন ভোট দিয়েছেন। ভোট দেননি ছয়জন সংসদ সদস্য। ৩৪৩টি ভোটই বৈধ। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ভোটগ্রহণ শুরু হলে প্রথমে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভোট দেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। তারপর প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দেন।
সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৯টি ব্যালট পেপার মুদ্রণ করা হয়েছিল। এর মধ্যে ৩৪৩টি ব্যালটে ভোট পড়েছে। সব ভোটই বৈধ বলে গণ্য হয়েছে।
২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী জামায়াত জোটের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ভোটের ফল অনুযায়ী, দেশের ২৩তম রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উল্লেখ্য, অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে দেশের বাইরে চিকিৎসা নিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ফলে রাষ্ট্রপতি নির্বাচনে তার ভোট দেওয়ার সুযোগ হয়নি। অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিতর্কিত ভিডিওকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী।
তবে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বিএনপি কিংবা ১১ দলীয় জোটের প্রার্থীদের যেকোনো একজনকে ভোট দিতে পারতেন। কিন্তু ভোটগ্রহণ শেষ হওয়ার আগ পর্যন্ত তাকে ভোটকক্ষে দেখা যায়নি। তবে বাকি তিন সংসদ সদস্যের নাম জানা যায়নি।
আ.দৈ/আরএস




















